
রাজবাড়ীর পাংশা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাংশা সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. আওয়াবুল্লাহ ইব্রাহিমের চাকরি জীবনের শেষ কর্মদিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মাদরাসার শিক্ষক মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি এম.এ জিন্নাহ’র সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মাসুদ রানা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. আওয়াবুল্লাহ ইব্রাহিম।
বক্তব্যে অধ্যক্ষ মো. আওয়াবুল্লাহ ইব্রাহিম বলেন, “আমার চাকরি জীবনে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। কখনো কোনো দায়িত্বে ফাঁকি দিইনি। প্রতিষ্ঠানটিকে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে লক্ষ্যেই কাজ করেছি। শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।”
তিনি আরও বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও নিজের জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ মাওলানা মো. নুরুল ইসলাম, গভর্নিং বডির সদস্য ডা. খালিদ সাইফুল্লাহ, গভর্নিং বডির অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এসময় শিক্ষকেরা অধ্যক্ষ মো. আওয়াবুল্লাহ ইব্রাহিমের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর নেতৃত্ব, দক্ষতা ও দূরদর্শিতায় মাদরাসাটি শিক্ষা ও শৃঙ্খলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সুনাম অর্জন করেছে। তাঁর নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার কারণে প্রতিষ্ঠানটি এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনা করে শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এছাড়াও শিক্ষকবৃন্দ অধ্যক্ষের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি স্মরণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সার্বিক মঙ্গল কামনা করেন।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি অত্যন্ত আবেগঘন ও আন্তরিকতায় পরিপূর্ণ ছিলো।
এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, আগামীতে একটি দিনে আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা প্রদান করা হবে।





