
রাজবাড়ীর কালুখালীতে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার আর্চ ব্রিজ সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় কালুখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উচ্ছেদ অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, রতনদিয়া মৌজার ৭৮ নম্বর দাগের রাস্তার পাশে ১ নম্বর খাস খতিয়ানের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে- এমন অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে স্থাপনা নির্মাণকারীকে নোটিশ প্রদান করা হলেও তিনি তা অপসারণ না করায় সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে। কালুখালী উপজেলার যেসব সরকারি জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে, সেসব জায়গায় পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এদিকে ভুক্তভোগী মোহাম্মদ আলী মৃধা দাবি করেন, ঘর নির্মাণের জন্য তিনি রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছেন এবং এখনো অনুমোদন পাননি। তাঁর অভিযোগ, উপজেলা প্রশাসন থেকে তাঁকে কোনো নোটিশ না দিয়েই স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে।
এসময় তিনি আরো বলেন, “এখানে অনেকেই সরকারি জায়গায় ঘর তুলেছে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা উচিত। অন্যদেরও উচ্ছেদ করা হোক।”





