
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ ঘোষণা করা হবে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এ মামলায় ৩০ জন আসামির বিরুদ্ধে রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে গ্রেপ্তার হওয়া ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন।
আদালতে হাজির হওয়া ছয় আসামি হলেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন ২০২৫ সালের ২৪ জুন দাখিল করা হয়। পরে ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন, যা আমলে নিয়ে ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
পরবর্তী সময়ে শুনানি শেষে ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং ২৭ আগস্ট থেকে বিচার কার্যক্রম শুরু হয়। সাক্ষ্যগ্রহণে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন নিহত আবু সাঈদের বাবা মুকুল হোসেন।
দীর্ঘ কয়েক মাস ধরে চলা সাক্ষ্যগ্রহণ শেষ হয় চলতি বছরের ১৩ জানুয়ারি। এ সময় তদন্ত কর্মকর্তা রুহুল আমিনসহ মোট ২৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন জুলাই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, যার সাক্ষ্য মামলার গুরুত্বপূর্ণ দিক উন্মোচনে সহায়ক হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
এরপর ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭ জানুয়ারি পর্যন্ত চলে যুক্তিতর্ক। সেদিনই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে ৫ মার্চ রায়ের দিন ধার্য করা হয়।
রায়কে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।


