
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। মামলার যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য ছিল আজ।
২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং এলাকায় র্যাবের অভিযানে ফয়সালকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে র্যাবের পক্ষ থেকে আদাবর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২৮ মার্চ অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
উল্লেখ্য, জামিনে থাকা অবস্থায় ওসমান হাদি হত্যাকাণ্ডের পর ফয়সাল আত্মগোপনে যান। পরে গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হন।





