কালুখালী টাইমস

পাংশায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরো দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন কুলাটিয়া গ্রামের হাবিবুর রহমান রাজার ছেলে হাসিবুর রহমান অন্তর (৪০) এবং পারনারায়নপুর গ্রামের তায়জাল মুন্সীর ছেলে মো. বরকত মুন্সী (৩৪)।

 

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ৩০ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে পাংশা থানার মৈশালা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষারত এক নারীকে একটি মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে তাকে পালাক্রমে ধর্ষণ করে দুর্বৃত্তরা এবং অচেতন অবস্থায় কুষ্টিয়া সদর উপজেলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

 

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ১ এপ্রিল পাংশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(৩) ধারায় মামলা দায়ের করা হয়। এর আগে গত ১ এ‌প্রিল মামলার আ‌রেক আসা‌মি রাশেদুজ্জামান ওরফে রাশেদকে গ্রেপ্তার ক‌রে‌ পাংশা মডেল থানা পুলিশ।

 

পরবর্তীতে র‌্যাব-১০ ও র‌্যাব-১২-এর যৌথ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সর্বশেষ দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।