
সারা দেশে আকস্মিক ঝড় ও বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ বিভিন্ন নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, বৈরী আবহাওয়ায় নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা জোরদার করতে হবে। একই সঙ্গে বজ্রপাতপ্রবণ এলাকাগুলোতে লাইটনিং অ্যারেস্টার স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, মৌসুমি ঝড় ও আকস্মিক বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত মর্মান্তিক। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি আরও বলেন, মৌসুমি আবহাওয়ার সময় দেশে প্রায়ই বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। তাই এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারকে দুর্যোগকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্রপাত নিরোধক স্থাপনের উদ্যোগ নিতে বলেন।
বিবৃতিতে সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনার কথাও উল্লেখ করা হয়। জামালপুরের মেলান্দহে ঝড়ে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক মা ও তার দুই মেয়ে মারা গেছেন। নওগাঁর আত্রাইয়ে গাছচাপায় বেদে সম্প্রদায়ের অন্তঃসত্ত্বা আরাফাতুনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাছিমা খাতুন নামে আরেক নারীও একইভাবে প্রাণ হারিয়েছেন। এছাড়া নেত্রকোণার খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে।
জুবায়ের বলেন, এসব মৃত্যু সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে আর্থিক সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।





