
দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ বিভিন্ন বিভাগে টানা পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে তিনটি বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার (২ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (৩ মে) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ওই দিনও দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কিছু স্থানে ভারী বর্ষণ দেখা দিতে পারে।
সোমবার (৪ মে) ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিন দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (৫ মে) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন কোথাও কোথাও ভারী বর্ষণ এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বুধবার (৬ মে) কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকলেও এর পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।