
শিশুদের মৃত্যু ঘটানোর মতো কোনো অসৎ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে টিকা না পাওয়ার ঘটনাটি কেন ঘটেছে, তা বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিশুদের ক্ষতি করার কোনো উদ্দেশ্য সরকারের ছিল না। তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা প্রয়োজন। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুতই এ বিষয়ে তদন্ত শুরু হবে, যাতে ঘটনার প্রকৃত কারণ জানা যায়।
উপদেষ্টা আরও জানান, সরকারের উদ্যোগে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা নির্ধারিত লক্ষ্যের প্রায় ৮৯ শতাংশ। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে।


