
রাজবাড়ীর পাংশায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট/২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী কার্যক্রম, কিশোর অপরাধ, বাল্যবিবাহ প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা, যানজট নিরসনসহ জননিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য দেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষের পক্ষে মনোয়ারুল হক, পাংশা জর্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশিদা খাতুন এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাদক, কিশোর অপরাধ ও সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে সংশ্লিষ্টরা মতামত দেন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিশেষে সভায় সার্বিক বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক।





