
কুমিল্লার দেবিদ্বারে এক পুলিশ সদস্যকে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু (৩০) এবং তার সহযোগী জালাল উদ্দিন (৩২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের পর সোমবার (২০ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ভোরে কুমিল্লা ডিবি পুলিশ ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার আদাবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পুলিশ সদস্য আবু কাউছার-কে তার চাচি আমেনা বেগম (৪৫) জমি দেখানোর কথা বলে দেবিদ্বারে ডেকে আনেন। পরে পরিকল্পিতভাবে আলমপুর এলাকার একটি ভবনে নিয়ে তাকে আটক করা হয়।
সেখানে সাবেক স্ত্রী তাছলিমা আক্তারসহ অভিযুক্তরা তাকে পুনরায় বিয়ের জন্য চাপ সৃষ্টি করে এবং ভিডিও ফাঁসের হুমকি দিয়ে দুই লাখ টাকা দাবি করে।
ভুক্তভোগী বাধ্য হয়ে নগদ ও বিকাশে প্রায় এক লাখ টাকার বেশি পরিশোধ করেন।
এরপরও নির্যাতন না থামায় পুলিশ সদস্যের বর্তমান স্ত্রী ইশরাত জাহান তাকে উদ্ধার করেন এবং পরে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।
মামলায় মোট ৬ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক স্ত্রী তাছলিমা আক্তার, চাচি আমেনা বেগম, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন বিল্লু, তার সহযোগী কানা জালাল, কামাল হোসেন ও হেলাল খান রয়েছেন।
দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. মাইনউদ্দিন জানান, “দুজন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
#পুলিশ সদস্যকে জিম্মি করে চাঁদা দাবি





