
কবির হোসেন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি পরিবহনের সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি এসি বাসে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৮০০ টাকার পরিবর্তে ১২০০ টাকা ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া যায়।
পরে দায় স্বীকার করায় পরিবহনটির সুপারভাইজার মো. আব্দুল্লাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





