
রাজবাড়ীর পাংশা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (২১ জুন) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম জমির বিশ্বাস (৫০)। তিনি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেপা মাজাইল গ্রামের হোসেন টাকোর ছেলে।
পুলিশ জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রোববার ভোরে পাট্টা ইউনিয়নের মাজাইল গ্রাম এবং কসবামাজাইল ইউনিয়নের বাংলাট গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় জমির বিশ্বাসকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

