
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস পড়ে যাওয়ার ঘটনায় চালক আরমান খান (৩১)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আরমান খান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের আরব খানের ছেলে। দুর্ঘটনার সময় তিনিই বাসটি চালাচ্ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।
আরমানের এক ফুপাতো ভাই জানান, “বাসটি আমার ফুপাতো ভাই আরমানই চালাচ্ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই গুজব ছড়িয়েছেন যে তিনি পান খাওয়ার জন্য নেমে গেলে হেলপার বাস চালাচ্ছিল। এটি সম্পূর্ণ মিথ্যা। যদি তিনি নেমে যেতেন, তাহলে তার মরদেহ বাসের ভেতরে পাওয়া যেত না।”
নাম প্রকাশ না করার শর্তে সৌহার্দ্য পরিবহনের এক কর্মীও জানান, দুর্ঘটনাকবলিত বাসটির চালক ছিলেন আরমান খান এবং তিনিই বাসটি চালাচ্ছিলেন। তার বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্সও ছিল। তবে এ বিষয়ে পরিবহনটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।





