
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস ডুবির ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে সাত কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছেন আইনজীবীরা।
বুধবার বিকাল ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য’ পরিবহণের বাসটি নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সড়ক ও সেতুমন্ত্রী, নৌপরিবহণমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করে জনস্বার্থে এই নোটিশটি জারি করেন অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।
নোটিশে বলা হয়, এই দুর্ঘটনার পেছনে কোনো গাফিলতি বা অবহেলা ছিল কিনা তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রমাণ করতে হবে। এজন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশের দাবি জানানো হয়েছে। একইসাথে আহতদের যথাযথ চিকিৎসা এবং কর্মক্ষমদের ক্ষতিপূরণ রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করে অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ বিষয়ে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, জরুরি প্রয়োজনে ডাকযোগে পাঠানোর আগেই ই-মেইলের মাধ্যমে এই নোটিশটি পাঠানো হয়েছে। আগামী কার্যদিবসে ডাকযোগেও তা পাঠানো হবে।





